টাঙ্গাইল-৬ আসনে নির্বাচন করতে চান তারানা হালিম

একুশে বার্তা ডেক্স প্রতিবেদন :  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে এবার আওয়ামীলীগের প্রার্থী হতে চান টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এ জন্য তিনি গত শুক্রবার টাংগাইলের নাগরপুরে দিনব্যাপী গণসংযোগ করেন। এ সময় তিনি এলাকার মানুষকে কাছে টেনে নেন এবং  নৌকা প্রতীকে ভোট  চান। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন,  উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।

শুক্রবার টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন ও ভারড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশ। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলা হবে উন্নয়নের রোল মডেল। ইতোমধ্যে উন্নয়নের ছোয়া লাগতে শুরু করেছে শহর থেকে গ্রামে।

তারানা হালিম বলেন, ‘টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মনোনয়ন চাইবো। যদি আমাকে মনোনয়ন দেয়া হয়, তাহলে আমি আবারো আপনাদের  সেবায় নিয়োজিত থাকবো। আমি যদি মনোনয়ন বঞ্চিত হই তবুও আমি আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।’

এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, ভারড়া ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার  উপস্থিত ছিলেন।