বিমানবন্দরে কাদের-ফখরুল কুশল বিনিময়

স্টাফ রিপোর্টার :  সৈয়দপুর বিমানবন্দরে দেখা হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। কুশল বিনিময় ছাড়াও কথাও হলো তাদের মধ্যে। মির্জা ফখরুলকে দেখে ওবায়দুল কাদের বললেন, ‘আমরা যেহেতু রাজনীতি করি, তাই আলাপ-আলোচনার পথ খোলা রাখাই ভালো।’ সেখানে উপস্থিত আওয়ামী লীগ নেতারা একথা জানিয়েছেন। দেখা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফখরুলের সঙ্গে থাকা বিএনপির নেতা-কর্মীরাও।জানা গেছে, ওবায়দুল কাদের ও মির্জা ফখরওলের রবিবার ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে একটি বেসরকারি উড়োজাহাজ কোম্পানির ফ্লাইটে সৈয়দপুর যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে মির্জা ফখরুল পরের ফ্লাইটে যান। ফলে একই ফ্লাইটে দুই নেতার আর সৈয়দপুর যাওয়া হয়নি। দুই নেতার আলাপের সময় ওবায়দুল কাদেরের সঙ্গে সেখানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত নন্দী, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও খালিদ মাহমুদ চৌধুরী, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। ফ্লাইটের সময় হলে ওবায়দুল কাদের সেখান থেকে ঢাকায় চলে আসেন। তখনো মির্জা ফখরুল অন্য আরেকটি বেসরকারি বিমান সংস্থার ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন।