ডেস্ক রিপোর্ট: দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ‘বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স’ (বিএএসএফ) নামে একটি নতুন বাহিনী গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, বাহিনীর সদস্য সংখ্যা হবে ১০,৬৩২ জন। এর মধ্যে ৭০ শতাংশ জনবল বাংলাদেশ বিমানবাহিনী থেকে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
নতুন বাহিনী গঠনের প্রস্তাব নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ভেতরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। কর্মকর্তাদের মতে, এই বাহিনী গঠন বেবিচকের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের অস্তিত্বের ওপর হুমকি তৈরি করবে। এ নিয়ে বেবিচকের কর্মকর্তা-কর্মচারীরা ১২ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান কর্মসূচি নিয়েছেন ।
বেবিচকের কর্মকর্তা-কর্মচারী ফোরামের নেতারা জানান, আগামীকাল (১৫ মে ২০২৫) সকাল ৯টায় বেবিচকের চেয়ারম্যানের কাছে ১২ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হবে। প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—বেবিচকের অধীনে এভসেক বিভাগের অধিকার সংরক্ষণ, নতুন বাহিনী গঠনের প্রস্তাব বাতিল, বেবিচকের নিজস্ব জনবল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রেষণে নিয়োগ বন্ধ করা।
গত ১৭ মার্চ বেবিচকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশ বন্ধ করে দিলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভে অংশ নেওয়া কর্মকর্তারা বলেন, “বর্তমানে বেবিচকের অধীনে এভসেক বিভাগ দক্ষতার সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করছে। তাই নতুন বাহিনী গঠনের কোনো যৌক্তিকতা নেই। এটি এভসেক বিভাগের অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে।”
