মোহামেডানের এজিএম প্রস্তুতি কমিটি : মাহবুব আনাম চেয়ারম্যান, লোকমান সদস্য সচিব

স্পোর্টস ডেক্স : ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচন আগামী ৩ বা ১০ মে অনুষ্ঠিত হওয়ার কথা। এ দুই তারিখকে সামনে রেখে ইতোমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মোহামেডানের পরিচালনা পর্ষদ। গত ১ মার্চ পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গ্রহণের পর এজিএম উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ কাজ গুছিয়ে আনার উদ্যোগ নিয়েছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। এরই অংশ হিসেবে মোহামেডানের এজিএম প্রস্তুতি কমিটি গঠন হয়েছে। চার সদস্যের এই কমিটিতে ক্লাবের অন্যতম পরিচালক মাহবুব উল আনামকে চেয়ারম্যান ও প্রাক্তন ডাইরেক্টর ইন-চার্জ অফ অ্যাডমিনিস্ট্রেশন লোকমান হোসেন ভূঁইয়াকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া এজিএম প্রস্তুতি কমিটির দুই সদস্য হচ্ছেন- মোহামেডানের পরিচালক প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া ও মাসুদুজ্জামান। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সভাপতি জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন (অব.) স্বাক্ষরিত এক চিঠিতে সম্প্রতি এই কমিটি গঠনের তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ আছে যে, কমিটি প্রয়োজন মনে করলে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে এর সদস্য বৃদ্ধি করতে পারবে।
উল্লেখ্য ২০২১ সালের ৬ মার্চ মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই পরিচালনা পর্ষদের মেয়াদ দুই বছর। ২০২৩ সালের ৫ মার্চের মধ্যে নতুন নির্বাচন হওয়ার কথা থাকলেও কেটে গেছে আরো দুই বছর। তবে আশার কথা দেরিতে হলেও শেষ পর্যন্ত নির্বাচন হচ্ছে ঐতিহ্যবাহী ক্লাবটিতে।