রাজশাহীর কালাই রুটির পর এবার রংপুরে ফুটপাতের চায়ের দোকানে চা পান করলেন মন্ত্রী ওবায়দুল কাদের

একুশে বার্তা রিপোর্ট : রাজশাহীতে দুই দুই বার কালাই রুটি খাওয়ার স্বাদ ভুলতে না ভুলতেই এবার রংপুরে ফুটপাতে এক চায়ের দোকানে বসে মন্ত্রী ওবায়দুল কাদের সংগিদের নিয়ে চা পান করলেন। রংপুরে মন্ত্রীর সফর সংগিদের মধ্যে মন্ত্রীর এককালের দৈনিক বাংলার বাণীর সহকর্মী বর্তমানে আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাংগির কবীর নানকসহ অন্যরা মন্ত্রীর সাথে বসে রংপুরের ইকরাপাড়া আ. খালেকের চায়ের দোকানে চা পান করেন। গত রোববার মন্ত্রী ওবায়দুল কাদের রংপুর সফরে গিয়ে তিনি যেমন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাথে দেখা করে কুশল বিনিময় করে রাজনীতিতে সহমর্মিতা দেখান ঠিক তেমনি তৃণমূলের লোকদের সাথেও একাকার মিলেমিশে যান। ফুটপাতের চায়ের দোকানে বসে চা পান করাই তার বড় উদাহরণ। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের নেতা মাওলানা ভাসানির মতো মন্ত্রী ওবায়দুল কাদেরের রাজনীতির গতি-প্রকৃতি কিছুটা হলেও তার রাজনৈতিক জীবনে ফুটে উঠছে। তবে অনেকে ভাবছেন তিনি কি ( মন্ত্রী ওবায়দুল কাদের) ভাসানির মতো মজলুম জননেতা হতে পারবেন। যদি হতে পারেন তাহলে রাজনীতিতে তার আর পিছু ফিরে তাকাতে হবে না। রাজনীতিতে তিনি ইতিহাস গড়বেন।