সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা : আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, প্রতিহত করবে সরকার

নিউজ ডেক্স : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যেকোনো অবস্থায় এটা প্রতিহত করবে সরকার।’

রোববার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসে নিজ বাসভবনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশ থেকে সরিয়ে নেয়া প্রচুর টাকা আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার কাজে ব্যবহার করছে। এটা কোনো অবস্থাতেই করতে দেবে না সরকার।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নত হবে। অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ আজ সোমবার থেকে যেন কোথাও কোনো অপরাধ না ঘটে, তারা সে ব্যবস্থা নেবে।’
আইনশৃঙ্খলা বাহিনী যদি এই নির্দেশনা কার্যকর না করতে পারে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘তারা আমার যে কারণে পদত্যাগ করতে বলে, ওই কারণগুলো যদি আমি উন্নতি করে দিতে পারি, তাহলে তো আর কোনো পদত্যাগের প্রশ্ন ওঠে না। তারা তো চাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয়, আমি সেই ব্যবস্থা করছি।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে বলে উল্লেখ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘শিক্ষার্থীরা—বিশেষ করে নারী শিক্ষার্থীরা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যখন দায়িত্ব নেন, সবার আগে তাদের নারীদের নিরাপত্তার কথা চিন্তা করা উচিত ছিল।
দেশে যেভাবে ধর্ষণের সংখ্যা বেড়ে চলেছে, নারী শিক্ষার্থীরা এটা নিয়ে উদ্বিগ্ন। তারা বলছেন-স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় থেকে তেমন কোনো উদ্যোগ নেয়া হয়নি। এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমার মা–বোনদের ভয়ের কোনো কারণ নেই। তাদের ব্যাপারে আমরা সবসময় সচেতন। তাদের যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সে ব্যাপারে আমরা ও আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ আছি।’