সিনহা হত্যা : ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

স্টাফ রিপোর্টার : মেজর সিনহা মো. রাশেদ খানকে হত্যার ঘটনায় পাঁচ পুলিশসহ আট আসামিকে জজ আদালতের দেয়া সাজা বহাল রেখেছেন হাই কোর্ট। আসামিদের মধ্যে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে দেয়া মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে।

এছাড়া টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব এবং পুলিশের তিন ‘সোর্স’ মো. নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিননের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন আদালত।

সোমবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাই কোর্ট বেঞ্চ এ মামলার রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু ও শামীমা দিপ্তি। অন্যদিকে আসামিপক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহাজাহান।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলি করে সিনহা মো. রাশেদ খানকে হত্যা করা হয়।

ওই ঘটনায় সিনহার বোন মামলা করার পর ১২ পুলিশসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন র‌্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম।

এরপর ২০২২ সালের ৩১ জানুয়ারি ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং তিন পুলিশসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত।