হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের কথিত ‘রিসিভার’ নূরুল আলম (৩০)কে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচ তলায় তাকে আটক করা হয়।
এপিবিএন জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে নূরুল আলম পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে এপিবিএন অফিসে নিয়ে তল্লাশি চালিয়ে তার গলায় ঝোলানো কাপড়ের ব্যাগ, পরিহিত জুব্বা এবং পায়জামার পকেট থেকে ১৩০০ গ্রাম স্বর্ণালংকার ও ১৩,৯৭০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মান ২১, ২২ এবং ২৪ ক্যারেট।
জিজ্ঞাসাবাদে নূরুল আলম জানান, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীরা শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ দেশে আনে, আর তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরে ওই চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করছেন।
এপিবিএন জানায়, চলতি বছরে তাদের অভিযানে মোট ২৮ কেজি ৫০৮.৩৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর এলাকা চোরাচালানমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলছে এবং স্বর্ণ ও মাদক চোরাচালান প্রতিরোধে এপিবিএন সবসময় কঠোর অবস্থানে রয়েছে।
ধৃত নূরুল আলমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫/বি(১)(বি) ধারায় মামলা প্রক্রিয়াধীন।
