গভীররাতে ২৫২ যাত্রী নিয়ে রিয়াদের উদ্দেশে ঢাকা ছেড়েছে এসভি-৮০৫

ডেক্স রিপোর্ট : :  দীর্ঘদিন বন্ধ থাকার পর ২৩ সেপ্টেম্বর রাত ১২টা ৫৭ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২৫২ জন প্রবাসীকে নিয়ে সৌদি আরবের রিয়াদের উদ্দেশে ঢাকা ছেড়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রায় ২৫২ জন প্রবাসীকে নিয়ে সৌদি আরবের রিয়াদের উদ্দেশে সাউদিয়ার এসভি-৮০৫ ফ্লাইটটি ঢাকা ছেড়েছে।

প্রবাসীদের নিয়ে বোয়িং ৭৭৭-৩৬৮ (ইআর) এয়ারক্রাফটটি রাত সাড়ে ১২টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও এটি ছাড়তে কিছুটা বিলম্ব করে। স্থানীয় সময় ভোর ৪টা ২৫ মিনিটে ফ্লাইটটি সৌদি আরবের রিয়াদে পৌঁছাবে।

ওই ফ্লাইটের এক যাত্রী বলেন, ‘ছুটিতে এসে ১০ মাস ধরে আটকে ছিলাম। আমার ভিসার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ, দিশেহারা হয়ে পড়েছিলাম। রিটার্ন টিকিট নিয়ে এলেও বাংলাদেশে কিছু করতে পারিনি। পরে সৌদি আরবে থাকা বন্ধুদের মাধ্যমে সেখান থেকে টিকিট রি ইস্যু করে নিয়েছি। করোনা নেগেটিভ সার্টিফিকেট করে এত দ্রুত ফ্লাইট ধরা অনেক কষ্ট হয়েছে। তবুও অবশেষে যেতে পারছি।’

সৌদি সরকারের নিষেধাজ্ঞার কারণে দেশটিতে এতদিন বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ ছিল। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে তারা সীমিতভাবে বিমান চলাচল শুরু করে।

এদিকে সৌদি আরব বিমান বাংলাদেশে এয়ারলাইন্সকে আগামী ১ অক্টোবর থেকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত প্রদান করেছে। তবে যাত্রীদের আসন বরাদ্দ শুরু করার আগে সৌদি আরবে ল্যান্ডিং পারমিশন আবশ্যক হলেও সেটির অনুমতি পায়নি বিমান। এ কারণে এখনও টিকিট বিক্রি শুরু করতে পারেনি বিমান। তবে অনেক প্রবাসীদের ভিসার মেয়াদ শেষের দিকে থাকায় সাউদিয়াকে আরও বেশি সংখ্যক ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।