একুশে বার্তা প্রতিবেদন : বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আগামী নির্বাচন হবে সংসদ ভেঙ্গে দিয়ে, সেনা বাহিনীর অধীনে।’ অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তিনি সবাইকে প্রস্তুত থাকারও আহ্বান জানান।
রোববার বিকেলে নগরীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশের গণতন্ত্র, ভোটের অধিকার এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলন একই সুতায় গাঁথা। এদেশের গণতন্ত্রের মুক্তির অর্থ বেগম খালেদা জিয়ার মুক্তি। খালেদা জিয়া মুক্ত হলে গণতন্ত্রও মুক্তি পাবে। আগামী নির্বাচন, মানুষের ভোটের অধিকার বেগম খালেদা জিয়া মুক্তি পেলে নিশ্চিত হবে।’
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. মঈন খান, গয়েশ্বর রায়, কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ব্যারিস্টার আমিনুল হক, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, জয়নাল আবেদীন ফারুক, আব্দুল আওয়াল মিন্টু, শাহজাহান মিঞা, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক, ছাত্রদল কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ালিউজ্জামান পরাগ প্রমুখ।
