উত্তরের মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করলেন আতিকুল

একুশে বার্তা রিপোর্ট : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে নির্বাচন কমিশন (ইসি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিজিএমইএর সাবেক সভাপতি আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।

আজ দুপুর দুইটায় আতিকুলের পক্ষে তার সমন্বয়ক এ কে এম মিজানুর রহমান মনোনয়ন সংগ্রহ করেন। এ সময় উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম তাদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে মনোনয়ন জমা দেয়ার দিনে যাতে অতিরিক্ত লোক না আসে। নিয়ম মেনে মনোনয় জমা দেয়ার পরামর্শ দেন তিনি।

তিনি জানান, বর্তমানে যারা নির্বাচিত আছেন এই নির্বাচনে নির্বাচিতদের মেয়াদ হবে তাদের সমান।

এর আগে গতকাল ডিএনসিসি উপ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান আতিকুল। শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ সিদ্ধান্ত হয়।

আনিসুল হক মারা যাওয়ার পর গত বছরের ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়। ওই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে এবং কার্যকারিতার ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করায় আদালত নির্বাচন স্থগিত করেন।

সম্প্রতি হাইকোর্ট রিট খারিজ করে দেয়ায় নির্বাচন নিয়ে আইনগত বাধা দূর হয়। এরপর ইসি নতুন তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর সিটির মেয়র ও কাউন্সিলর এবং দক্ষিণ সিটির কাউন্সিলর, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পদে দাখিলের শেষ তারিখ ৩০ জানুয়ারি।