ডেক্স নিউজ : ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আমি রাজধানীর ফকিরাপুলে ইয়ংমেন্স ক্লাবের গভর্নিং বডির ২০১৬ সালে চেয়ারম্যান ছিলাম। এখন বর্তমানে এ ক্লাবের সভাপতি খালেদ মাহমুদ ও সাধারণ সম্পাদক হাজী সাব্বির। বৃহস্পতিবার তার সঙ্গে যোগাযোগ করলে তিনি এ কথা বলেন ।
ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, এ ক্লাব ফুটবল ও ক্রিকেট খেলার ক্লাব হিসেবেই জেনেছি এবং এ কারণেই চেয়ারম্যান হয়েছি। এ ক্লাবের ভেতরে জুয়ার আসর বসতো এটা জানা ছিল না।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ জুন ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ৩১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে খালেদ মাহমুদ ভূঁইয়াকে সভাপতি ও হাজী মো. সাব্বির হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। ফকিরেরপুলের এই ক্লাবটির প্যাভিলিয়নে কার্যনির্বাহী কমিটির এক সভায় ওই নতুন কমিটি অনুমোদনের পাশাপাশি তৎকালীন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপিকে সর্বসম্মতিক্রমে ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
