জেলহত্যা দিবসে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিউজ ডেক্স : জেলহত্যা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার তিনি শ্রদ্ধা নিবেদন করেন। সূত্র: যমুনা টিভি ও ডিবিসি নিউজ

রোববার (৩ নভেম্বর) সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সরকার প্রধান হিসাবে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতা ও মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

এদিকে, জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণের কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতাকে হত্যার ৩ মাসের মাথায় জাতীয় ৪ নেতাকে ঢাকা কারাগারের ভেতরে গুলি করে হত্যা করা হয়।