তিন মামলায় খালেদা জিয়ার জামিন আদেশ সোমবার

একুশে বার্তা প্রতিবেদন : কুমিল্লায় হত্যা ও নাশকতার অভিযোগে করা দুইটি এবং নড়াইলে করা মানহানির মামলাসহ তিন মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল সোমবার সময় নির্ধারণ করেছেন আদালত।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ মামলাগুলোর শুনানি হয়।

এর আগে হাইকোর্টের আজকের কার্যতালিকার এ শুনানি শীর্ষে রাখা হলেও আজ আদালতের কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করলে আদালত দুপুর ২টায় শুনানির জন্য সময় নির্ধারণ করেন।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

কুমিল্লায় বাসে অগ্নিসংযোগ করে হত্যার অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসনের জামিন আবেদনের ওপর শুনানি গত বৃহস্পতিবার শেষ হয়। আজ রোববার এ মামলায় জামিন আবেদনের ওপর আদেশ দেয়ার দিন ধার্য করেন আদালত। কুমিল্লায় নাশকতার অপর মামলা এবং নড়াইলে মানহানির মামলার শুনানি হয় আজ।

কুমিল্লায় বাসে অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগের মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর গত বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি শেষে নড়াইলের মানহানির মামলায় করা জামিন আবেদনের শুনানির উদ্যোগ নেন বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এ সময় আদালত বলেন, আমরা আগামী রোববার (আজ) তিনটি মামলাতেই একসাথে শুনানি শেষে আদেশ দেবো।

গত ২০ মে কুমিল্লা ও নড়াইলের তিন মামলায় জামিন চেয়ে খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করেন।

গত ২২ মে আদালতের অনুমতি নিয়ে জামিন আবেদন দায়ের করার পর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ কুমিল্লার নাশকতার মামলা ও নড়াইলে মানহানির মামলায় শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। এর আগে গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন আপিল বিভাগ।