দেশকে আদর্শ পুলিশি রাষ্ট্র, গণতন্ত্রকে কংকালে পরিণত করে সরকার স্বৈরাচারী গণতন্ত্রবিনাশী ইচ্ছা পূরণ করছে: রিজভী

একুশে বার্তা প্রতিবেদন :  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার আর নির্যাতন করে দেশকে আদর্শ পুলিশি রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হয়েছে সরকার। একই সঙ্গে আওয়ামী লীগ গণতন্ত্রকে কঙ্কালে পরিণত করেছে।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ক্ষমতাসীন সরকার আগামী ৮ ফেব্রুয়ারির রায়কে ঘিরে বিএনপি নেতাকর্মীদের ওপর চূড়ান্ত দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। এ সময় তিনি সবার উদ্দেশে বলেন, সব কর্কশে, কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পীঠে, পাথরে, দেয়ালে দেয়ালে বেজে উঠেছে এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনী- ‘আমার নেত্রী আমার মা। বন্দি হতে দেবো না।’

লিখিত বক্তব্যে বিএনপির এই সিনিয়র আরও নেতা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর ভর করে সরকার তার স্বৈরাচারী গণতন্ত্রবিনাশী ইচ্ছা পূরণ করছে। রাষ্ট্রীয় শক্তিকে আয়ত্তে নিয়ে আলোচনা-সমালোচনা, সমাবেশ, ঘরোয়া বৈঠক, চলাচল এমনকি ধর্মীয় অনুষ্ঠানকে সন্ত্রাসী তাণ্ডবে স্তব্ধ করে দিচ্ছে। অদক্ষতা, অযোগ্যতা, অহঙ্কারে বছরের পর বছর দেশে আর্থসামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক, বিচারিক নানামুখী সংকট পাকিয়ে তুলেছে। আর এই সংকট সৃষ্টির জন্য ষোলোআনা দায়ী সরকার ও সরকারপ্রধান।

রিজভী বলেন, এখানে ক্ষমতাসীন নেতা-মন্ত্রী ও সরকারি বাহিনীগুলোর কোনো রীতি নেই, কোনো নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্নীলতা ও শালীনতা নেই। শুধু একজন ব্যক্তিকে খুশি রাখতে সবকিছুতেই তাদের বাড়াবাড়ি ও অতি উৎসাহ। এই হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্রের নমুনা।

তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে কঙ্কালে পরিণত করেছে। গণতন্ত্রশূন্য দেশে প্রতিযোগিতামূলক নির্বাচনকে আটকে রাখতেই পুলিশকে ক্ষমতাবান করা হয়েছে। আর পুলিশ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সরকারের নিষ্ঠুর শাসনের সঙ্গী হিসেবে অমানবিক নিপীড়ন যন্ত্রে পরিণত হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, এটি কোনো বিচ্ছিন্ন নৃশংসতা নয়, ৮ ফেব্রুয়ারি সরকারপ্রধানের ইচ্ছা পূরণ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী বেপরোয়া উন্মত্ততায় বিএনপির ওপর ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু সরকার মনে হয় রায় নির্ধারণ করে রেখেছে বলেই প্রতিক্রিয়ার অজানা আতঙ্কে বিএনপি নেতাকর্মীদের ওপর বুলডোজার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে দলের সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।