ডেক্স রিপোর্ট : প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, শেখ হাসিনা আজ ২৮ ডিসেম্বর সকাল দশটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৮৭-৯ ‘সোনার তরী ‘ ও ‘অচিন পাখি’র উদ্বোধন করবেন। সকাল সাড়ে দশটায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এরপর বিমানের একটি নতুন মোবাইল অ্যাপস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষ্যে গত ২৭ ডিসেম্বর এক প্রেস ব্রিফিং-এ বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী এম মাহবুব আলী বলেন, তৃতীয় টামির্নাল নির্মিত হবার পর এটি হবে এই অঞ্চলের মধ্যে সর্বাধুনিক বিমান বন্দর। এটি নির্মিত হলে বছরে আরো অতিরিক্ত ১ কোটি ২০ লাখ যাত্রী চলাচল করতে পারবে।
প্রতিমন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল নির্মানে ২১ হাজার ৩শ’ কোটি টাকা ব্যয় হবে। এরমধ্যে সরকারি কোষাগার থেকে পাওয়া যাবে পাঁচ হাজার কোটি টাকা এবং বাকি অর্থ জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) থেকে পাওয়া যাবে।
জাপানের মিটসুবিশি এবং ফুজিতা ও কোরিয়ার স্যামসং একটি কনসোর্টিয়ামের অধিন একটি কনসোর্টিয়াম এই নির্মাণ কাজটি করবে। নতুন আন্তর্জাতিক যাত্রী টার্মিনালটি হবে ২২ দশমিক ৫ লাখ বর্গফুট। বর্তমানে দুটি টার্মিনালে ১০ লাখ বর্গফুট স্পেস রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে বিমানবন্দরের বর্তমান যাত্রী ধারণ ক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে ২ কোটি হবে এবং কার্গোর ধারণ ক্ষমতা বর্তমান দুই লাখ টন থেকে বেড়ে পাঁচ লাখ টন হবে।
