ভারতের পররাষ্ট্র সচিব আসছেন ৮ এপ্রিল : বাংলাদেশে এটাই প্রথম সফর

একুশে বার্তা প্রতিবেদন : শুভেচ্ছা সফরে আগামী ৮ এপ্রিল ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখালে। নতুন দায়িত্বপ্রাপ্ত দিল্লির বিদেশ সচিব গোখালের এটাই হবে প্রথম বাংলাদেশ সফর। সফরটি পরিচিতিমূলক হলেও তাতে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। নির্বাচনী বছরে     প্রতিবেশী দেশের প্রভাবশালী ওই কূটনীতিক ঢাকা সফরে বাংলাদেশের রাজনীতি ও জাতীয় নির্বাচন প্রশ্নে মোদি সরকারের মনোভাবের বিষয়টিও স্পষ্ট হবে বলে ধারণা দেয়া হয়েছে। সফর প্রস্তুতির সঙ্গে যুক্ত কূটনীতিকরা জানিয়েছেন, আগামী ১৯-২০ এপ্রিল লন্ডনে অনুষ্ঠেয় কমনওয়েলথ সামিটের সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের কথাবার্তা চলছে। সেই বৈঠকের প্রেক্ষাপটেও পররাষ্ট্র সচিব বিজয় গোখালের ঢাকা সফরটি তাৎপর্যপূর্ণ।