একুশে বার্তা রিপোর্ট : হাইকোর্টের সামনে মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় ডিএমপি’র শাহবাগ থানায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৩৫ জনকে আসামি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। মামলায় উল্লেখ করা হয়েছে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদন শুনানিকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে হাইকোর্টের সামনে বুধবার সন্ধ্যায় অগ্নিসংযোগ করা হয়। এসময় কদমফোয়ারা, সুপ্রিমকোর্ট বার ও জাতীয় ঈদগাহ সংলগ্ন এলাকায় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। তাৎক্ষণিকভাবে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ।
পরবর্তীতে ওই রাতেই পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টির জন্যই হাইকোর্টের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়।
