ডেস্ক রিপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে চারটি ফ্লাইটে অভিযান চালিয়ে ১৩৩ গ্রাম স্বর্ণ,শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ২ হাজার ৫৮৯ পিস ঔষধ, ৫১ কার্টন সিগারেট,৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস নিষিদ্ধ সিরাম ও ৬ লিটার বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা।
শনিবার (১৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের সি-শিফটের কর্মকর্তারা পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
সিআইআইডি সূত্রে জানা যায়, শ্রীলঙ্কান এয়ারলাইনসের UL189 ফ্লাইটটি কলম্বো থেকে ঢাকায় আসার পর এক যাত্রীর গতিবিধির ওপর নজরদারি শুরু করেন কর্মকর্তারা। পরে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় MD PARVEZ নামের ওই যাত্রীকে আটক করে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে তাঁর ব্যবহৃত ট্রলির বিশেষভাবে তৈরি গোপন স্থানে লুকিয়ে রাখা ১৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। একই যাত্রীর লাগেজে পাওয়া যায় শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ২ হাজার ৫৮৯ পিস ঔষধ। এসব ঔষধ আমদানির প্রয়োজনীয় অনুমতিপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্র দেখাতে পারেননি ওই যাত্রী। স্বর্ণ ও ঔষধসহ সংশ্লিষ্ট পণ্যের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
এদিকে পৃথক অভিযানে এয়ার ইন্ডিয়ার AI237 ফ্লাইটে আসা JONY MIA নামের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৬ লিটার GRANTS ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়। এসব মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
এমিরেটসের EK0586 ফ্লাইটে আসা Md Mizanur Rahman-এর ব্যাগেজ তল্লাশি করে ২৯ কার্টন সিগারেট ও ৭০৮ পিস Pakistani Whiting Serum আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪৯ হাজার ১০০ টাকা।
অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের BS316 ফ্লাইটে আসা Suma Begum-এর ব্যাগেজ তল্লাশি করে ৩০ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম আটক করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।
সিআইআইডি জানিয়েছে, ১৫ আগস্টের এসব অভিযানে সব মিলিয়ে ১৩৩ গ্রাম স্বর্ণ, ২ হাজার ৫৮৯ পিস ঔষধ, ৫১ কার্টন সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস নিষিদ্ধ সিরাম ও ৬ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে। আটক পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা।
সিআইআইডির কর্মকর্তারা বলছেন, গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির ভিত্তিতে বিমানবন্দরে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। চোরাচালান ও অবৈধভাবে পণ্য আমদানি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
