একুশে বার্তা ডেক্স : লেখক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, সুষ্ঠু ভোটহীন গণতন্ত্র ইমিটেশন অলঙ্কারের মতো। আসল অলঙ্কার ও ইমিটেশন অলঙ্কারের মধ্যে তফাৎ রয়েছে। কারচুপির মাধ্যমে নির্বাচিত যে সরকার-পার্লামেন্ট হয়, তাও মূল্যহীন ইমিটেশন অলঙ্কারের মতো। কারচুপির নির্বাচনের মাধ্যমে সরকার গঠনও মূল্যহীন। তাই মনে রাখতে হবে, আমরা আসল অলঙ্কার চাই, না ইমিটেশন অলঙ্কার চাই।
গতকাল বুধবার সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে সিপিবি-বাসদ আয়োজিত ‘অবাধ নিরপেক্ষ অর্থবহ নির্বাচন : নির্বাচনকালীন সরকার, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ও নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার’ বিষয়ক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।
আবুল মকসুদ বলেন, ভালো নির্বাচন করতে হলে ইসিকে গণতন্ত্রমনা হতে হবে এবং শক্তিশালী হতে হবে। তাদের মেরুদন্ড- সোজা করতে হবে। কারণ একটি ভালো নির্বাচন জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে।
সভার শুরুতে নির্বাচনকালীন সরকারের বিষয়ে ১৮টি লিখিত সুপারিশ উপস্থাপন করেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, বিশিষ্ট গবেষক ড. বদিউল আলম মজুমদার, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, নাগরিক ঐক্যের যুগ্ম আহ্বায়ক এসএম আকরাম, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ প্রমুখ।
