স্টাফ রিপোর্টার : দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসাসেবা দিতে যিনি ছিলেন অন্তঃপ্রাণ, সেই মহৎপ্রাণ চিকিৎসক রাকিবুল ইসলাম লিটু আর নেই। কর্মগুণে ‘গরিবের ডাক্তার’ হিসেবে দেশব্যাপী পরিচিত উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের এই প্রধান অধ্যাপক গতকাল শুক্রবার মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। গত বুধবার রাতে ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়ার পর তাকে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি ঘটায় লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানেই ডা. লিটুর মৃত্যু হয় বলে জানিয়েছেন ল্যাবএইডের কার্ডিওলজিস্ট ডা. মাহবুবুর রহমান।
গতকাল মাগরিবের পর উত্তরা ১৩ নম্বর সেক্টর মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
সদ্যপ্রয়াত ডা. রাকিবুল বিভিন্ন দাতব্য ও সেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। গরিব ও অসহায় রোগীদের সেবায় তিনি গঠন করেন পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এছাড়া রোগীদের অধিকার আদায়েও নানা পদক্ষেপ নেন তিনি। এসব কার্যক্রমের জন্য তিনি দেশজোড়া ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিতি পান। বিভিন্ন জাতীয় দৈনিকেও তিনি নিয়মিত কলাম লিখতেন।
