হেলমেট পরিহিত সেই যুবক সোহাগ ভুইয়া পুলিশের জালে : পুলিশ জানতে পেরেছে সে ছাত্রদল শাজাহানপুর থানার সাধারণ সম্পাদক

একুশে বার্তা প্রতিবেদন : নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে বুধবার পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের সময় হেলমেট পরিহিত সেই যুবককে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আটক করেছে। তার নাম সোহাগ ভুঁইয়া (২৮)। তিনি রাজধানীর শাহজাহানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক বলে পুলিশ জানতে পেরেছে।

সূত্র জানায়, মাথায় হেলমেট পরিহিত ও জামার বোতাম খোলা অবস্থায় মারমুখী যে যুবককে সংঘর্ষের সময় পল্টনে দেখা গিয়েছিল তিনিই সোহাগ ভুঁইয়া। এ ঘটনায় দায়ের করা তিনটি মামলায়ই আসামি করা হয়েছে তাকে।

পারিবারিক সূত্র দাবি করেছে, রোববার রাতে ঢাকার শনিরআখড়ায় এক আত্মীয়ের বাসায় অবস্থান করা সোহাগকে তুলে দেওয়া হয় ডিবি পুলিশের কাছে। গত ১৯ নভেম্বর  সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে যে আটককৃত যুবকের নাম পরিচয় নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার দেখানো হবে।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিন ১৪ নভেম্বর নয়াপল্টনে সংঘর্ষ হয়। পুলিশের সঙ্গে চলা সংঘর্ষে সোহাগ পুলিশের গাড়ির ওপর লাঠি হাতে লাফাতে দেখা যায়। এ ঘটনার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে পুলিশ তাকেসহ কয়েকজনকে খুঁজছে। সোহাগের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট। পুলিশের ওপর হামলা ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় রবিন ও মাহবুব নামের আরো দুজন বিএনপি কর্মীকে ডিবি পুলিশ আটক করেছে বলে স্বজনদের দাবি।