অভিযোগ বিএসএফ সদস্যের বিরুদ্ধে : মৈত্রী এক্সপ্রেসে শ্লীলতাহানির শিকার বাংলাদেশি এক নারী

একুশে বার্তা ডেক্স : ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে এক বাংলাদেশি নারী শ্লীলতাহানির শিকার হয়েছেন। ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানের বিরুদ্ধে ওই নারী তার অভিযোগ নথিভুক্ত করেছেন। মৈত্রী এক্সপ্রেসের ইতিহাসে এই প্রথম   কোনো নারী যাত্রীকে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠলো। দমদম জিআরপি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার সত্যতার কথা স্বীকার করেছে পূর্ব রেলওয়ে। পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেছেন, পূর্ব রেলওয়ে আলাদাভাবে ঘটনার তদন্ত করছে।

সাতদিনের মধ্যে এই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।  ইতিমধ্যেই এই খবর জানাজানি হওয়ার ফলে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে। জানা গেছে, সোমবার কলকাতা স্টেশন থেকে যাত্রী নিয়ে নির্ধারিত সময়েই ছেড়ে যায় মৈত্রী এক্সপ্রেস। ট্রেন ছাড়ার পর ওই নারী শৌচাগারে গিয়েছিলেন। সেখানেই তাকে শ্লীলতাহানি করা হয় বলে তিনি অভিযোগ করেছেন। ট্রেন ভারতের অন্তিম স্টেশন গেদেতে পৌঁছালে মহিলার স্বামী ট্রেনের টিকিট পরীক্ষকের কাছে অভিযোগ জানান। পরে টিকিট পরীক্ষকের পরামর্শে গেদে স্টেশনের জিআরপির কাছে অভিযোগ নথিভুক্ত (এফআইআর) করা হয় বলে জানা গেছে। উল্লেখ্য, মৈত্রী ট্রেনের নিরাপত্তার দায়িত্বে আগে জিআরপিএফ থাকলেও গত মাস থেকে নিরাপত্তার স্বার্থে তা পরিবর্তন করে বিএসএফের হাতে দেয়া হয়েছে। ফলে কলকাতা স্টেশন থেকে গেদে স্টেশন পর্যন্ত মৈত্রী এক্সপ্রেসের নিরাপত্তা দেয় বিএসএফই।  কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তেই এই দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে জানা গেছে। আর এবার নিরাপত্তার দায়িত্বে থাকা সেই বিএসএফের এক জওয়ানের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর প্রশাসন নড়েচড়ে বসেছে বলে জানা গেছে। আর অভিযোগ যেহেতু জানিয়েছেন একজন বিদেশি তাই জিআরপিএফের তরফে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে। মানব জমিন