আসিয়ান সম্মেলনে যাচ্ছেন না সুচি

আন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গাপুরে হতে যাওয়া আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন না মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি। আগামী শনিবার এ সম্মেলন হওয়ার কথা। এতে জোটভুক্ত দেশগুলো রোহিঙ্গা প্রশ্নে সরব হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত মঙ্গলবার এ খবর দেয় দি আসিয়ান পোস্ট। খবরে বলা হয়, সু চির বদলে মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট সম্মেলনে দেশটির প্রতিনিধি হিসেবে যোগ দেবেন।

এবারও আসিয়ান সম্মেলনে জোরালোভাবে রোহিঙ্গা সংকটের প্রশ্ন উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। আসিয়ানের মানবাধিকার বিষয়ক আন্তঃরাষ্ট্রীয় কমিশন এআইসিএইচআরের মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া প্রতিনিধি সদস্যভুক্ত দেশগুলোকে রোহিঙ্গা সংকট নিরসনে আরও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জাতিগত নিধন ও গণহত্যার অভিযোগ ওঠা মিয়ানমারের রাখাইন প্রদেশে শান্তি ও স্থিতিশীলতা আনতে আসিয়ান দেশগুলোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ দাবি করেছে তারা।