ডেক্স রিপোর্ট : রাতে রাস্তার পাশে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল কুকুরটি। ঠিক তখনই তার শরীরে গরম পিচ ঢেলে দিলেন শ্রমিকরা। নির্মমতার এখানেই শেষ হয়নি; রোলার চালিয়ে টুকরো টুকরো করে দেওয়া হয় পিচে চাপা পড়া শরীরের অংশ। ভারতের উত্তর প্রদেশের আগরা শহরে ঘটেছে এই ঘটনা।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে আগরা – ফতেহাবাদ সড়কে চলছিল মেরামত কাজ। পুরনো রাস্তার ওপর পিচের প্রলেপ দিয়ে তৈরি করা হচ্ছিল নতুন রাস্তা। রাস্তার পাশে ঘুমন্ত কুকুরের নিম্নাঙ্গের ওপর পিচ ঢেলে দেয় রাস্তা তৈরির কাজে নিযুক্ত কর্মীরা।
যন্ত্রনায় যখন কাতরাচ্ছিল নিরীহ প্রাণীটি, ঠিক তখনই কুকুরটির শরীরের ওপর রোলার চালিয়ে দেয় রাস্তা কর্মীরা। এর পরও কিছুক্ষণ বেঁচে ছিল কুকুরটি। কিন্তু তাকে উদ্ধারের কোনো চেষ্টাই করা হয়নি। সকালে নৃশংস এই ছবি প্রকাশ্যে আসায় বুলডোজার দিয়ে পিচ খুঁড়ে বের করা হয় কুকুরটির দেহ।
এদিকে নির্মাণসংস্থার পক্ষে জানানো হয়, রাতের অন্ধকারে স্পষ্ট করে কিছু দেখা যায় না। ফলে কুকুরটি যে ওখানে ঘুমাচ্ছিল তা নির্মাণকর্মীরা খেয়াল করেনি।
নির্মাণ সংস্থার এই বক্তব্য মানতে নারাজ পশুপ্রেমিরা। স্থানীয় থানার সামনে বিক্ষোভ দেখান তারা। নির্মাণ সংস্থার বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে সোচ্চার হয়েছেন প্রাণী অধিকার কর্মীরাও। এ নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রতিবাদের ঝড়।
