ডেক্স রিপোর্ট : বীর মুক্তিযোদ্ধা, বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার আদি বসবাস পুরান ঢাকার গোপীবাগ তৃতীয় লেনে। দুই ভাই ও ৬ বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। সম্প্রতি তার এক বোন মারা গেছেন। অসুস্থ এক বোন ঢাকাতেই আছেন। বাকি চার বোন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। একমাত্র ভাই উজ্জ্বল হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিবেশী ও স্বজনরা এসব তথ্য জানিয়েছেন।
সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ২টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদেক হোসেন খোকা। মৃত্যুর খবর পেয়ে বিকালে গোপীবাগে গিয়ে পুরো বাড়ি তালাবদ্ধ পাওয়া যায়। পরিবারের সবাই আমেরিকায় আছেন বলে জানান প্রতিবেশীরা।
এর আগে, ২০১৪ সালের ১৪ মে মাসে সাদেক হোসেন খোকা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। সস্ত্রীক থাকতেন নিউ ইয়র্ক সিটির ইস্ট এলমহার্স্ট এলাকার একটি ভাড়া বাসায়। গত ১৮ অক্টোবর সকালে খোকার শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার পাশে ছিলেন স্ত্রী ইসমত হোসেন, মেয়ে সারিকা সাদেক ও ছোট ছেলে ইশফাক হোসেন। বাবার সংকটাপন্ন অবস্থার খবর পেয়ে ঢাকা থেকে তার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গত ২৯ অক্টোবর নিউ ইয়র্কে যান।
প্রতিবেশীরা জানান, সাদেক হোসেন খোকা স্থানীয় কলতাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছেন। এসএসসি পাশ করেছেন গাজীপুরের জয়দেবপুর রানী বিলাসমণি উচ্চ বিদ্যালয় থেকে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে মাস্টার্স করেন।
