আন্তর্জাতিক ডেক্স : ‘দিদি আপনার থাপ্পড় আমার কাছে আশীর্বাদ। তবে আপনি যদি চাঁদাবাজদের থাপ্পড় মারতেন তাহলে ভাল হত। দিদি পেছনে আছে, আর অন্য লোক দাদাগিরি করছে। সন্ত্রাস করছে। অনুপ্রবেশকারীদের ক্যাডার বানিয়েছে তৃণমূল।’—পশ্চিমবঙ্গে নির্বাচনী জনসভা থেকে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে জবাব দিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর এনডিটিভির।
মোদী বলেন, ‘আমি শুনলাম দিদি আমাকে থাপ্পড় মারবেন বলেছেন। আমি আপনাকে দিদি বলে ডাকি। শ্রদ্ধা করি। আপনার থাপ্পড় আমার কাছে আশীর্বাদের মতো। তবে আপনি যদি যারা চিটফান্ডের মাধ্যমে গরিব মানুষের টাকা লুঠ করলো তাদের যদি থাপ্পড় মারতেন তাহলে ভাল হত।’
কয়েক দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক জনসভায় বলেন আমি প্রধানমন্ত্রীকে গণতন্ত্রের কড়া থাপ্পড় দিতে চাই।
ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, এ রাজ্যের যা অবস্থা তাতে ভোট দিতে যাওয়ার আগে মানুষকে ভাবতে হয়। প্রচার করলে খুন হতে হয়। জয় শ্রী রাম ধ্বনি শুনলে দিদি ঘাবড়ে যান। গণতন্ত্রকে গুণ্ডাতন্ত্রে রুপান্তরিত করেছেন।
এদিন পুরুলিয়ার পাশাপাশি বাঁকুড়াতেও সভা করেন মোদী। সেখানে ভাষণের একটি অংশে বাংলা ব্যবহার করে তিনি বলেন, ‘কয়লা খাদান থেকে কারা লাভবান হচ্ছে আপনারা সেটা ভালই জানেন।’
এর আগে থাপ্পড় সংক্রান্ত মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও। তিনি বলেন, ‘মমতাজি আপনি সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছেন। আপনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। আর মোদীজি দেশের প্রধানমন্ত্রী। কাল আপনাকে তাঁর সঙ্গে কথা বলতে হতেই পারে। তাই আমি আপনাকে মনে করিয়ে দেব কোনওদিন প্রয়োজন হলে বন্ধু হতে লজ্জিত হবেন না।’
