প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক : মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আশ্বাস গুতেরেসের

ডেক্স রিপোর্ট : রোহিঙ্গা সঙ্কটের সমাধানে মিয়ানমারের ওপর বিদ্যমান আন্তর্জাতিক চাপ আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বাংলাদেশ সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন। সেখানে তিনি বলেন, “আমরা মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছি। আমাদের এই চাপ আরও বাড়াতে হবে যাতে রোহিঙ্গা সঙ্কটের সমাধানে কী করা উচিৎ- তা মিয়ানমার বুঝতে পারে। রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে দুই দিনের সফরে শনিবার মধ্যরাতে ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার আগে আসেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

দুজন একসঙ্গে গত ১ জুন রোববার  প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান। আজ তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সরকার প্রধানের সঙ্গে মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। জানান, রোহিঙ্গা সঙ্কট প্রশ্নে বাংলাদেশকে জাতিসংঘ এবং বিশ্ব ব্যাংকের সমর্থন অব্যাহত রাখার কথাও বৈঠকে বলেন গুতেরেস ও কিম। সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে আসা চার লাখের মতো রোহিঙ্গা গত কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। গতবছর ২৫ অগাস্ট রাখাইনে নতুন করে দমন অভিযান শুরুর পর রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে আরও প্রায় সাত লাখ রোহিঙ্গা। এখন ১১ লাখেরও বেশী রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান’ বলে আসছে। আন্তর্জাতিক পর্যায়ে এ রোহিঙ্গা সঙ্কটকে এশিয়ার এ অঞ্চলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় শরণার্থী সমস্যা হিসেবে দেখা হচ্ছে। ইহসানুল করিম বলেন, মিয়ানমারের আরাকান থেকে ১৯৭৭ সালে প্রথম রোহিঙ্গাদের পালিয়ে বাংলাদেশে আসার কথা এবং পরে ১৯৮২ ও ১৯৯১ সালের বিভিন্ন সময়ে বাংলাদেশে তাদের প্রবেশের কথা বৈঠকে তুলে ধরেন প্রধানমন্ত্রী।