আন্তর্জাতিক ডেক্স : বাংলাদেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ বাড়াতে ঢাকা-হ্যানয় সরাসরি ফ্লাইট চায় ভিয়েতনাম। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট দাং থি নাও থিন এই আগ্রহের কথা ব্যক্ত করেন।
শুক্রবার সকালে সিডনির ইন্টারকন্টিনেন্টালে শেখ হাসিনা সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট।
পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক ওই বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান। তিনি বলেন, ‘ভিয়েতনাম বাংলাদেশের সঙ্গে সরাসরি এয়ার কানেকটিভিটি ও এয়ার সার্ভিস প্রতিষ্ঠা করতে আগ্রহী। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ আরও বাড়ানোর ওপরও জোর দিয়েছেন তিনি।’
জাতিসংঘের অস্থায়ী সদস্য পদে নির্বাচনে ভিয়েতনামের পক্ষে প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের সমর্থন কামনা করেছেন বলেও জানান পররাষ্ট্র সচিব।
তিনদিনের সরকারি সফরে শুক্রবার সকালে সিডনি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিডনিতে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সামিট অন উইমেন’ সম্মেলনে যোগ দেবেন তিনি।
সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) শুক্রবার অনুষ্ঠেয় এক অনুষ্ঠানে ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক থিন এবং কসোভোর সাবেক প্রেসিডেন্ট আতিফেত জাহজাগার সঙ্গে গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘গ্লোবাল সামিট অব উইমেন’ বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীকে এই সম্মাননা দিচ্ছে।
বৃহস্পতিবার ঢাকা থেকে সিডনি যাওয়ার পথে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রায় আড়াই ঘণ্টা যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। এসময় ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে রয়্যাল থাই সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত মন্ত্রী কোবসাক পুত্রাকল শেখ হাসিনার বৈঠক করেন। তিনি সেসময় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
‘গ্লোবাল সামিট অন উইমেন’সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ২৮ এপ্রিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়া এদিন তিনি ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন এবং হোটেল সোফিটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেবেন।
আগামী রবিবার (২৯ এপ্রিল) অস্ট্রেলিয়া ত্যাগ করে পরের দিন দেশে ফিরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
