ভারতের প্রধান বিচারপতি : বিদ্রোহীদের মুখোমুখি : তবে বরফ গলতে শুরু করেছে

বিদেশ ডেক্স :দ্রুত সমস্যা মেটাতে ‘বিদ্রোহী’ চার প্রবীণ বিচারপতির সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন ভারতের সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি। গত শুক্রবার সংবাদ সম্মেলনে তার কাজকর্মের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণার পর এই প্রথম ওই বিচারপতিদের সঙ্গে মুখোমুখি কথা হলো দিপক মিশ্রর। এনডিটিভি এক প্রতিবেদনে লিখেছে, ‘বরফ গলতে শুরু করেছে।’

কিন্তু আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানায়, মিনিট পনেরোর সেই বৈঠকে ছিলেন শীর্ষ আদালতের প্রবীণ বিচারপতি এ কে সিক্রি এবং আরও দুই প্রবীণ বিচারপতি। এ দিনের বৈঠকে সমস্যা মেটানোর চেষ্টা শুরু হয়েছে বলে শীর্ষ আদালত সূত্রে দাবি করা হলেও প্রবীণ বিচারপতিদের সুরে কিন্তু তাল কাটার আভাসও মিলেছে।

সব কটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলা শোনার জন্য সুপ্রিমকোর্টের সবচেয়ে প্রবীণ ৫ বিচারপতিকে নিয়ে এ দিনই একটি সাংবিধানিক বেঞ্চ গড়ে দিয়েছেন প্রধান বিচারপতি। দিপক মিশ্র থাকলেও সিনিয়রিটির দিক থেকে এগিয়ে থাকা ‘বিদ্রোহী’ চার বিচারপতির ঠাঁই হয়নি ওই সদ্যগঠিত সাংবিধানিক বেঞ্চে। ফলে দ্রুত সমস্যা মেটানোর ব্যাপারে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি কতটা আন্তরিক, তা নিয়ে সংশয় উঁকিঝুঁকি মারতে শুরু করেছে শীর্ষ আদালতের অন্দরেই। দেশের অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপালও বলেছেন, ‘আমার মনে হয় সমস্যা এখনো মেটেনি। তবে আশা, তা দু-তিন দিনের মধ্যেই মিটে যাবে।’

গত শুক্রবার সাংবাদিক সম্মেলনে সুপ্রিমকোর্টের সবচেয়ে প্রবীণ চার বিচারপতির ‘বিদ্রোহ’ ঘোষণার পরই সমস্যার সূত্রপাত। চার প্রবীণ বিচারপতি জাস্তি চেলামেশ্বর, ক্যুরিয়ান জোসেফ, রঞ্জন গগৈ ও মদন লোকুরের অভিযোগ ছিল, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলাগুলো বেছে বেছে তার পছন্দের জুনিয়র বিচারপতিদেরই দিচ্ছেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি দিপক মিশ্র।