একুশে বার্তা ডেক্স : ভারতের বিজেপি সরকারের নতুন মন্ত্রিসভায় ৫৮ জন মন্ত্রীর ৫১ জনই কোটিপতি। এদের মধ্যে সবথেকে ধনী মন্ত্রী শিরোমণি আকালি দলের নেত্রী হরসিমরত কৌর বাদল। পাঞ্জাবের ভাতিন্ডা থেকে নির্বাচিত এই সাংসদের মোট সম্পত্তির পরিমাণ ২১৭ কোটি টাকা। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মসের ন্যাশনাল ইলেকশন ওয়াচ এই তথ্য জানিয়েছে। হরসিমরতের পরই আছেন মহারাষ্ট্র থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ তথা নতুন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তার সম্পত্তির পরিমাণ ৯৫ কোটি টাকা।
৪২ কোটি টাকার মোট সম্পদ নিয়ে তৃতীয় স্থানে আছেন গুরগাঁওয়ের সাংসদ রাও ইন্দ্রজিৎ সিং। এবার মন্ত্রিসভায় যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া বিজেপি সভাপতি অমিত শাহর সম্পত্তির পরিমাণ ৪০ কোটি টাকা। তবে অন্য মন্ত্রীদের তুলনায় এ ব্যাপারে বেশ খানিকটা পিছিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মোট সম্পদের পরিমাণ দু’কোটি টাকা। প্রধানমন্ত্রীর থেকে কম সম্পদ রয়েছে মাত্র ১০ জন মন্ত্রীর। তালিকায় রয়েছেন রাজস্থানের বিকানেরের সাংসদ অর্জুন রাম মেঘওয়াল, মধ্যপ্রদেশের মোরেনার সাংসদ নরেন্দ্র সিং তোমর, উত্তরপ্রদেশের মুজাফফরনগরের সঞ্জীব কুমার বালিয়ান, অরুণাচল পশ্চিমের সাংসদ কিরেণ রিজিজু, উত্তরপ্রদেশের ফতেপুরের সাংসদ নিরঞ্জন জ্যোতি সহ কয়েকজন।
এই মন্ত্রিসভায় পাঁচজন এমন মন্ত্রী রয়েছেন যাদের সম্পদের পরিমাণ এক কোটি টাকার চেয়ে কম। দারা হলেন পশ্চিমবঙ্গের রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরি। তার মোট সম্পত্তির পরিমাণ ৬১ লাখ টাকা। আসামের সাংসদ রামেশ্বর তেলির মোট সম্পদের পরিমাণ ৪৩ লাখ টাকা। কেরলের ভি মুরলিধরনের মোট সম্পদ ২৭ লাখ টাকা। রাজস্থানের কৈলাস চৌধুরীর মোট সম্পদ ২৪ লাখ টাকা এবং উড়িষ্যার বালাসোরের সাংসদ প্রতাপ চন্দ্র সারেঙ্গির মোট সম্পদের পরিমাণ ১৩ লাখ টাকা। একজন মন্ত্রী চা শ্রমিকের পোলা ও ঠেলাগাড়ি চালকের ভাতিজা।ওই মন্ত্রীর নাম রামেশ্বর তেলি।
