ভারত সফরে পুতিন : রুশ ক্ষেপণাস্ত্র কিনলে ভারতকে মার্কিন নিষেধাজ্ঞার হুমকি : ‘কাটসা’ আইন অনুযায়ি রাশিয়া থেকে কোন প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেক্স : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ভারতে তার দুইদিনের রাষ্ট্রীয় সফর শুরু করেছেন। আজ ভারত ও রাশিয়ার মধ্যে সর্বোচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, এ বৈঠকে রাশিয়া থেকে ৫শ’ বিলিয়নেরও বেশি মূল্যের এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করার চুক্তি করতে পারে ভারত। কিন্তু রাশিয়ার কাছ থেকে ভারতের ক্ষেপণাস্ত্র কেনার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে না যুক্তরাষ্ট্র। দেশটি ইতিমধ্যেই হুমকি দিয়েছে যে, রুশ ক্ষেপণাস্ত্র কিনলে ভারত মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে। ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে বেশ উত্তেজনার সৃষ্টি করেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার বিষয়ে ভারতকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, কাউন্টারিং আমেরিকা’স অ্যাডভার্সারিস থ্রো স্যাংকশন অ্যাক্ট (কাটসা) আইন অনুযায়ী, রাশিয়ার কাছ থেকে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় নিষিদ্ধ।

তাই রাশিয়ার সঙ্গে অস্ত্র বিনিময় না করতে আমাদের মিত্র ও অংশীদারদের প্রতি আহ্বান জানাই। না হলে ‘কাটসা আইন’ অনুযায়ী সংশ্লিষ্ট দেশ মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। তবে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের জন্য হুমকি না হলে এবং ওই দেশ রাশিয়ার কাছ থেকে প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি কমাচ্ছে এমনটি প্রমাণ হলে, আইন অনুসারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোনো দেশকে বিশেষ সুযোগ দিতে পারেন।
দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত আশা করছে, ট্রাম্প প্রশাসন হয়তো ভারতকে বিশেষ বিবেচনায় নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেবে। কিন্তু যুক্তরাষ্ট্র যে আসলেই ভারতকে বিশেষ সুযোগ দেবে তেমন পরিষ্কার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। রাশিয়া থেকে সু-৩৫ ফাইটার জেট ও এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার দায়ে গত মাসে চীনের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ বিবেচনা না করলে ভারত যুক্তরাষ্ট্রের পরবর্তী নিষেধাজ্ঞার শিকার হতে যাচ্ছে। এদিকে, ক্রেমলিনের তরফ থেকে বলা হয়েছে, আগামী সোমবার রাশিয়া ও ভারতের মধ্যে অস্ত্রচুক্তি স্বাক্ষরিত হতে পারে। ভারতের পক্ষ থেকেও এ বিষয়টি পরিষ্কার করা হয়েছে। অস্ত্রচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারামন তার মধ্য এশিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। আর বিমান বাহিনীর প্রধান বিরেন্দর সিং ধনোয়া বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্বাক্ষরের পরবর্তী ২৪ মাসের মধ্যে এস-৪০০ ক্ষেপণাস্ত্র আমদানি শুরু হবে। এ ছাড়াও দু’দেশের মধ্যে আরো কয়েকটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
ভারতের এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল সন্ধ্যায় পুতিন দিল্লিতে পৌঁছেছেন। এর ঘণ্টা খানেকের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে পুতিনের। আজ স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে হায়দরাবাদ হাউজে মোদির সঙ্গে বৈঠকে বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।
মোদির সঙ্গে আলোচনা শেষে পুতিন বিকাল সাড়ে ৩টার দিকে আইটিসি মুরাইয়া হোটেলে পৌঁছবেন। সেখানে তিনি ভারত-রাশিয়া বাণিজ্যিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। তিনি কিছু মেধাবী শিক্ষার্থীর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এরপর রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যা ৬টার দিকে তিনি রাশিয়ার উদ্দেশে রওনা দেবেন।