রোহিঙ্গা প্রত্যাবাসনে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ

একুশে বার্তা ডেক্স :  রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রত্যাবাসন প্রশ্নে আজ ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এ বৈঠক বৃহস্পতিবার নির্ধারিত করা হয়েছিল। কিন্তু হয়নি। অপরদিকে, রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা অনুপ্রবেশও অব্যাহত রয়েছে। বুধ ও বৃহস্পতিবার দুদিনে নতুন করে পাঁচ শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এদিকে, জাতিসংঘের মাধ্যমে সারাবিশ্ব আবার রোহিঙ্গাদের ওপর বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রশ্নে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আবারও জোরালো হয়েছে। কিন্তু মিয়ানমার সরকার

এসব নিয়ে নতুন কোন বক্তব্য বা তাদের অবস্থান জানায়নি। তবে ইতোমধ্যে রাখাইনে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন নির্যাতন চালানোর অভিযোগে সেনাসহ যে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু এ ঘোষণা শেষ পর্যন্ত ঘোষণাতেই থেকে যায় কিনা তা নিয়েও জল্পনা কল্পনার শেষ নেই। গত দুই দিনে সাবরাংয়ের বিভিন্ন পয়েন্ট দিয়ে পাঁচ শতাধিক রোহিঙ্গা নতুন করে অনুপ্রবেশ করেছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ হোসেন ছিদ্দিক জানিয়েছেন, প্রত্যাবাসন নিয়ে জল্পনা-কল্পনা চললেও বন্ধ হচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। কোন না কোন সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা ঢুকছে বাংলাদেশে। বুধবার নতুন করে এসেছে ৪৪ পরিবারের মোট ২১৩ জন রোহিঙ্গা নারী-পুরুষ। নাফ নদীতে বিজিবির সতর্ক অবস্থায় থাকায় রোহিঙ্গারা এখন সাগর পাড়ি দিয়ে টেকনাফে আসার পথকে বেছে নিয়েছে।

টেকনাফের সাবরাং হারিয়াখালীর সেনাবাহিনী ত্রাণকেন্দ্রে দায়িত্বরত জেলা প্রশাসকের প্রতিনিধি ও টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানিয়েছেন, রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করে প্রথমে সাবরাং হারিয়া সেনাবাহিনীর হারিয়াখালী ত্রাণকেন্দ্রে আসে। এরপর তাদেরকে চাল, ডাল, সুজি, চিনি, তেল ও লবণের একটি করে প্যাকেট দিয়ে গাড়িতে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।

১৫ দিনে তিন জন এনজিও কর্মীর মৃত্যু ॥ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত রোগে গত ১৫ দিনে তিনজন এনজিও কর্মী মারা গেছে। এমএসএফ কর্মী নুরুল হাকিম ও ব্র্যাকের কর্মী সাবেকুন্নাহারের মৃত্যুর রেশ কাটতে না কাটতে আরও এক এনজিও কর্মীর মৃত্যুর ঘটনায় শঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।জনকন্ঠ