শপথ নিলেন পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান

আন্তর্জাতিক ডেক্স :  ১৮ আগস্ট শনিবার সকালে প্রেসিডেন্ট হাউজে  ২২তম প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের  শপথ গ্রহণ অনুষ্ঠিত  হয়। প্রেসিডেন্ট মামনুন হুসাইন ইমরানকে শপথ বাক্য পাঠ করান। ওই সময় ইমরানের চোখে জল দেখা গেলেও মুখে হাসি ছিল বলে জানায় বিবিসি।

শপথ গ্রহণের জন্য ইসলামাবাদে নিজ বাসভবন থেকে প্রেসিডেন্ট হাউজে আসেন ইমরান। তিনি কালো রঙের শেরওয়ানি পরে ছিলেন। স্ত্রী বুশরা মানেকা আগেই অনুষ্ঠানস্থলে পৌঁছে গিয়েছিলেন।

পিটিআইর কয়েকজন জ্যেষ্ঠ নেতা, তিন বাহিনীর প্রধান এবং সাবেক কয়েকজন ক্রিকেট তারকা ইমরানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাসিরুল মুল্ক, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সার, সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনওয়ার খান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসি, ভারতের সাবেক ক্রিকেটার নভজিৎ সিং সিধু, পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা ও ওয়াসিম আকরাম অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে অন্যতম।

স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও আধাঘণ্টা দেরিতে মূল অনুষ্ঠান শুরু হয়।

সকাল ১০টার পরপরই ইমরানকে শপথ বাক্য পাঠ কারানো হয়। শপথ গ্রহণের পর তিনি স্ত্রী বুশরাকে নিয়ে মঞ্চ থেকে নেমে আসেন এবং  অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ন্যাশনাল অ্যাসেম্বলির ভোটে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রেসিডেন্ট শাহবাজ শরিফকে হারিয়ে শুক্রবারই নিজের প্রধানমন্ত্রীত্ব নিশ্চিত করেছিলেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান।

ওইদিন দুপুর সাড়ে ৩টার দিকে অ্যাসেম্বলির নব নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত হওয়ার পর ভোট শুরু হয় এবং ইমরান প্রত্যাশিতভাবেই জিতে যান। তাকে ভোট দেন ১৭৬ সদস্য, শাহবাজ পান ৯৬ ভোট।

গত ২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরানের দল পিটিআই পার্লামেন্টের বেশির ভাগ আসনে জয়লাভ করে। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ছোট দলগুলোকে নিয়ে জোট সরকার গঠন নিশ্চিত করেছিল পিটিআই। যে কারণে ইমরানের প্রধানমন্ত্রীত্ব একরকম নির্ধারিতই ছিল।

ক্রিকেটের বরপুত্র থেকে রাজনীতিতে যোগ দেওয়ার দীর্ঘ ২০ বছরের বেশি সময় পর নানা চড়াই-উৎরাই পেরিয়ে ইমরান আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী।

যদিও অনেকের মতে, পাকিস্তানের ক্ষমতাশালী সেনাবাহিনীই ইমরানকে ক্ষমতায় এনেছে। ইমরানকে সামনে রেখে তারাই মূলত দেশ পরিচালনা করবে।