২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট দুদিনের সফরে বাংলাদেশে আসছেন

ডেক্স প্রতিবেদন : ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা ও রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা সরজমিনে দেখতে ২৭ জানুয়ারি দুই দিনের সফরে বাংলাদেশ আসছেন। সফরে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ৪ জানুয়ারি বৃহস্পতিবার  বিকেলে এ তথ্য জানান।

এর আগে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদি দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করতে ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা আসেন।

পৌনে ১২ ঘণ্টার ওই সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাননি ইন্দোনেশীয় পররাষ্ট্রমন্ত্রী। তবে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করতেই ঢাকা এসেছিলেন তিনি। ইন্দোনেশীয় পররাষ্ট্রমন্ত্রী ঢাকা এসেছিলেন মিয়ানমার হয়ে।

বাংলাদেশ সফরে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার এলাকায় রোহিঙ্গাদের পরিস্থিতি সরজমিনে দেখার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানে গত বছর লাখ লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে ওই অঞ্চল থেকে পালাতে বাধ্য হয়েছেন। যাদের প্রায় সবাই আশ্রয় নিয়েছেন বাংলাদেশে।