সিভিল এভিয়েশন একাডেমিতে আইকাও স্বীকৃত Aviation Security National Inspectors (ASNI) Course এর উদ্বোধন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সিভিল এভিয়েশন একাডেমির আয়োজনে এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) এর সহযোগিতায় আইকাও স্বীকৃত Aviation Security National Inspectors (ASNI) Course এর উদ্বোধনী অনুষ্ঠান আজ জুন ২০২৬ তারিখে সিভিল এভিয়েশন একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান, বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক এর সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল, বিএসপি, বিইউপি,এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি)। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী এবং আইকাও অনুমোদিত প্রশিক্ষক ও কোর্স ইনস্ট্রাক্টর মোহাম্মদ আলমগীর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে দেশের বেসামরিক বিমান নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার ক্ষেত্রে এ ধরনের কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য যে, ICAO TRAINAIR FRAMEWORK এর আওতায় আইকাও এর তত্ত্বাবধানে এভিয়েশন সিকিউরিটির উপর এই কোর্সটি প্রথমবারের মতো আইকাও কর্তৃক আয়োজন করা হয়েছে এবং এর আয়োজক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমি কে আইকাও মনোনীত করেছে।

প্রধান অতিথির বক্তব্যে এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান বেসামরিক বিমান নিরাপত্তা ব্যবস্থার ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও প্রশিক্ষিত ইন্সপেক্টর তৈরির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্ধারিত Standards and Recommended Practices (SARPs) বাস্তবায়নের ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে তা উল্লেখযোগ্য অবদান রাখবে।

পরে আইকাও প্রশিক্ষক মোহাম্মদ আলমগীর কোর্সের উদ্দেশ্য, বিষয়বস্তু ও প্রত্যাশিত ফলাফল সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন। তিনি বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচি এভিয়েশন সিকিউরিটি ইন্সপেক্টরদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তদারকি সক্ষমতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।

দুই সপ্তাহব্যাপী এ কোর্সে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ১২ জন এভিয়েশন সিকিউরিটি ইন্সপেক্টর অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা এভিয়েশন সিকিউরিটি পরিদর্শন, তদারকি কার্যক্রম, মূল্যায়ন পদ্ধতি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।