সিভিল এভিয়েশন একাডেমিতে CBTA কোর্স ম্যাটেরিয়ালস পর্যালোচনা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি : ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) সহায়তায় “Conducting a Cursory Review of Competency-based Training and Assessment (CBTA) Course Materials” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স গত ২৫ থেকে ২৭ অক্টোবর ২০২৬ তারিখে সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ICAO-এর সিনিয়র ইনস্ট্রাক্টর ক্যাপ্টেন মোস্তফা হুম্মাদি (Capt. Mostafa Hoummady)। এতে বেবিচকের প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষণ ব্যবস্থাপক, ইনস্ট্রাক্টর, পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, ফ্লাইট সেফটি অফিসারসহ সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

কোর্সটির মূল উদ্দেশ্য ছিল Competency-based Training and Assessment (CBTA) পদ্ধতির আওতায় প্রণীত প্রশিক্ষণ কোর্সের উপকরণ পর্যালোচনার জন্য অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। এর মাধ্যমে প্রশিক্ষণ উপকরণের গুণগত মান যাচাই, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিতকরণ এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমের কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

কোর্সটি সম্পর্কে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক ও ICAO ইনস্ট্রাক্টর প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে মানসম্মত ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কোর্স প্রণয়ন এবং পর্যালোচনার সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে বেবিচকের প্রশিক্ষণ কার্যক্রমের গুণগত মান উন্নয়ন, প্রশিক্ষণ উপকরণের মান নিশ্চিতকরণ এবং দক্ষ জনবল গড়ে তোলার প্রচেষ্টা আরও জোরদার হবে।

প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বেবিচকের সদস্য (এটিএম) এয়ার কমডোর মোঃ নূর-ই-আলম, এএফডব্লিউসি, পিএসসি, এটিসি বলেন, বেসামরিক বিমান চলাচল খাতে দক্ষ ও যোগ্য জনবল গড়ে তুলতে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ উপকরণের যথাযথ পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। CBTA পদ্ধতির কার্যকর প্রয়োগের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের বাস্তব কর্মদক্ষতা মূল্যায়ন এবং প্রশিক্ষণের গুণগত মান উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন ICAO-এর সিনিয়র ইনস্ট্রাক্টর ক্যাপ্টেন মোস্তফা হুম্মাদি।