জাপানের মন্ত্রীর পোস্টে শেখ হাসিনার নাম কেন? অবশেষে ব্যাখ্যা দিলেন রিওসেই আকাজাওয়া

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম X-এ তৈরি হওয়া নাম বিভ্রাটের কারণ ব্যাখ্যা করেছেন জাপানের বাণিজ্যমন্ত্রী রিওসেই আকাজাওয়া।

শুক্রবার (৬ নভেম্বর) টোকিওতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে তিনি ভালোভাবেই চেনেন। তবে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ছবি দিয়ে X-এ করা একটি পোস্টের স্বয়ংক্রিয় অনুবাদের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম চলে আসে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, X-এর স্বয়ংক্রিয় অনুবাদ ব্যবস্থার ভুলের কারণে জাপানের এই মন্ত্রীকে বিব্রতকর কূটনৈতিক পরিস্থিতিতে পড়তে হয়।

আকাজাওয়া বলেন, এই ঘটনার ফলে বাংলাদেশের মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হতে পারে যে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে চেনেন না। বিষয়টিকে তিনি গুরুতর বলে উল্লেখ করেন।

তিনি আরও জানান, শুধু বাংলাদেশ-সংক্রান্ত পোস্টেই নয়, এর আগেও X-এর স্বয়ংক্রিয় অনুবাদে একই ধরনের ভুল হয়েছে।

গত ৫ নভেম্বর কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে অনলাইন বৈঠক নিয়ে করা একটি পোস্টের অনুবাদে কুয়েতের পরিবর্তে কাতারের জ্বালানিমন্ত্রীর নাম চলে আসে। একইভাবে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠক নিয়ে করা পোস্টেও নামের অনুবাদে ভুল হয়েছিল।

জাপানের বাণিজ্যমন্ত্রী জানান, এ ধরনের অনুবাদজনিত বিভ্রাটের মুখে তাঁকে তিনবার পড়তে হয়েছে। এ কারণে তিনি ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম X-কে তাদের স্বয়ংক্রিয় অনুবাদ ব্যবস্থা সংশোধনের আহ্বান জানিয়েছেন।

ঘটনাটি আবারও আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনৈতিক ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের স্বয়ংক্রিয় অনুবাদ ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

সূত্র: ডয়চে ভেলে।