স্টাফ রিপোর্টার: বাংলাদেশে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) এভিয়েশন সিকিউরিটি অডিট সম্পন্ন হয়েছে। অডিট শেষে দেশের বিমান চলাচল নিরাপত্তাব্যবস্থার উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছে সংস্থাটির প্রতিনিধিদল। এবারের অডিটে বড় ধরনের কোনো নিরাপত্তা উদ্বেগ পাওয়া যায়নি বলেও জানিয়েছে দলটি।
শুক্রবার (৬ নভেম্বর) অডিট দলের সম্মানে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) আয়োজনে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আইকাও অডিট দলের প্রধান ক্যালাম লুইস ভাইন বলেন, আগের তুলনায় বাংলাদেশের বিমান চলাচল নিরাপত্তাব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। নিরাপত্তা জোরদারে বেবিচক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর উদ্যোগ এবং আন্তঃসংস্থার সমন্বয়ের প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। নতুন উড়োজাহাজ সংগ্রহ, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ, ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ এবং বাংলাদেশকে গুরুত্বপূর্ণ এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা জরুরি।
অডিট সফলভাবে সম্পন্ন করতে বেবিচক, এভিয়েশন সিকিউরিটি বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রস্তুতির প্রশংসা করেন মন্ত্রী। একই সঙ্গে সহযোগিতা ও গঠনমূলক পর্যবেক্ষণের জন্য আইকাও প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।
অডিট দলে যুক্তরাজ্যের ক্যালাম লুইস ভাইন ছাড়াও শ্রীলঙ্কার পাঠবেরিয়া আপ্পুহামিলাগে জয়কান্তা, ফিলিপাইনের আলেসান্দ্রা অ্যারেনাস এবং সিঙ্গাপুরের শেখ আবদুল্লাহ বিন আব সুকর ছিলেন।
বেবিচক জানিয়েছে, আইকাওর নির্দেশনা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও আধুনিক ও কার্যকর করতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
