ডেক্স রিপোর্ট : কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘আমাকে আগে বাঁচানোর চেষ্টা করুন। আগে আমার চিকিৎসা দরকার। আমার অবস্থা খুবই খারাপ।’
শুক্রবার রাজধানীর নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে চার আইনজীবী দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, খালেদা জিয়া আগের চেয়ে বেশি অসুস্থ। বিচারকাজের আগে তার চিকিৎসা প্রয়োজন।
বিকাল ৫টার দিকে খালেদা জিয়ার চার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, এ জে মোহাম্মদ আলী ও আবদুর রেজ্জাক খান কারাগারে প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টা সাক্ষাৎ শেষে সন্ধ্যা ৬টার দিকে বেরিয়ে আসেন আইনজীবীরা।
যুগান্তরকে জয়নুল আবেদীন বলেন, সাক্ষাৎকালে খালেদা জিয়া তাদের জানিয়েছেন ‘গতদিন আদালতে তাকে জোর করে নেয়া হয়েছিল। তার বাম পাশ অবশ। চোখও রোগে আক্রান্ত হয়েছে। বাঁচানোর চেষ্টা করুন, আগে চিকিৎসা করুন। তিনি উঠতে পারছেন না। অবস্থা খুবই খারাপ।’
জয়নুল আবেদীন আরও বলেন, সাক্ষাৎকালে খালেদা জিয়াকে যেমন দেখেছি তাতে তিনি কীভাবে আগের দিন আদালতে গিয়েছিলেন সেটা আমরা বুঝতে পারছি। মনে করি আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে বিশেষায়িত হাসপাতালে নেয়া হোক। ইউনাইটেড, অ্যাপোলো বা যে কোনো বেসরকারি বিশেষায়িত হাসপাতালে তাকে ভর্তি করা হোক। আগে তার চিকিৎসা, পরে বিচার। খালেদা জিয়ারও বিচার পাওয়ার অধিকার রয়েছে। কারণ তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী।
