আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ করবে না: কাদের

ডেক্স রিপোর্ট : আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি সমাবেশ করবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আন্দোলন করে মরা গাঙে জোয়ার আসে না। বিএনপি মানে বাংলাদেশ নালিশ পার্টি। গত ২৬ সেপ্টেম্বর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দলীয় কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, সড়ক অবরোধ করবেন না। শুধু সতর্ক অবস্থানে থাকবেন। আক্রমণ করবেন না।

কিন্তু আক্রমণ করলে আক্রান্ত হলে তার উপযুক্ত জবাব দিতে হবে।

তিনি বলেন, আগামী অক্টোবর মাসের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মিসভায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। সভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম মোর্শেদ আরজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী ও সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকাল ১১টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রাজবাড়ীর পাংশায় আসেন। এরপর সেখানে তিনি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শিয়ালডাঙ্গি থেকে রাজবাড়ী তালতলা পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন।