আজ বিকালে প্রধানমন্ত্রী সৌদি আরব ও যুক্তরাজ্য যাচ্ছেন

একুশে বার্তা প্রতিবেদন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ৮ দিনের সরকারি সফরে আজ রোববার ঢাকা ত্যাগ করবেন।

তিনি সৌদি আরব ও যুক্তরাজ্য সফর করবেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি আজ  বিকালে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ফ্লাইটটি দাম্মাম বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা। শেখ হাসিনা ১৬ এপ্রিল সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল জুবাইল প্রদেশে অনুষ্ঠেয় ‘গালফ শিল্ড-১’ নামের একটি যৌথ সামরিক মহড়ার কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন।

তিনি সৌদি বাদশাহ ও দুটি পবিত্র মসজিদের হেফাজতকারী সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে ওই অনুষ্ঠানে যোগদান করবেন।

সৌদি আরব উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে ২৩টি বন্ধুপ্রতিম দেশের অংশগ্রহণে মাসব্যাপী এ সামরিক মহড়ার আয়োজন করেছে।

১৮ মার্চ শুরু হওয়া এ মহড়ায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে।

গালফ শিল্ড-১ এর সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) যোগদানের জন্য ১৬ এপ্রিল বিকালে একটি বিশেষ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে দাম্মাম ত্যাগ করবেন। ওই দিন রাতেই লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির অবতরণের কথা।