এক বিদেশিনিকে ভুয়া সনদ প্রদান : প্রতারণার মামলায় ঘাটাইলের দেওপাড়া ইউপি চেয়ারম্যান জেলহাজতে

সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউপি চেয়ারম্যান মাইনউদ্দিন তালুকদার ওরফে  তারু ইন্দোনেশিয়ার নাগরিক নেনি নুরানী মিসরানের পক্ষে ভুয়া ওয়ারিশান সনদ প্রদান করার অপরাধে টাঙ্গাইলের ঘাটাইল থানার আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আমিনুল ইসলাম তাঁকে এবং তার সহযোগী মোসলেম উদ্দিনকে গত ১৫ এপ্রিল বোরবার  জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, দেওপাড়া ইউনিয়নের শোলাকীপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে লুৎফর রহমান দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসী জীবন-যাপন করতেন। প্রবাসী জীবনে কঠোর পরিশ্রম করে তিনি বিপুল অর্থ উপার্জন করেন। তিনি সৌদি থেকে অসুস্থ অবস্থায় বাংলাদেশে এসে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। লুৎফরের মৃত্যুর পর তার উপার্জিত বিপুল অর্থের লোভ সামলাতে পারেনি তার পিতা মোসলেম উদ্দিন।

মোসলেম স্থানীয় চেয়ারম্যানের সাথে যোগসাজসে ইন্দোনেশিয়ার নাগরিক নেনি নুরানী মিসরানকে তার পুত্রবধু সাজিয়ে ইউনিয়ন পরিষদ থেকে একটি ভূয়া ওয়ারিশান সনদ গ্রহণ করেন।

ঐ সময় লুৎফরের প্রকৃত স্ত্রী মোছাঃ সুলতানা বিষয়টি জানতে পেরে ইউপি চেয়ারম্যান মোঃ মাইন উদ্দিন তালুকদার তারু ও শ্বশুর মোসলেম উদ্দিনের বিরুদ্ধে আদালতে একটি মামলা (সি,আর মোকদ্দমা নং- ৩১৫/১৭) দায়ের করেন। আদালত কাগজপত্রাদি পর্যালোচনা করে আসামি ইউপি চেয়ারম্যান ও মোসলেম উদ্দিনের বিরুদ্ধে সমন জারী করলে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে।

এ মামলায় বিবাদী পক্ষের আইনজীবী তুলসি দাস সরকার আসামিদের জামিনের প্রার্থনা করলে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহানশাহ্ সিদ্দিকী মিন্টু জামিনের তীব্র বিরোধীতা করেন। আদালত এ মামলায় আসামিদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।