‘এবার রাজনীতিতে মাইনাস ওয়ান ফর্মুলা : বাস্তবায়নে নীলনকশা করছে সরকার ‘

একুশে বার্তা প্রতিবেদন :  আবার রাজনীতিতে মাইনাস ফর্মুলা কথা ওঠছে। তবে এবার মাইনাস ‘টু ‘ ফর্মুলা নয়- এবার মাইনাস ওয়ান ফর্মুলা। আর এ মাইনাস ওয়ান ফর্মুলার কথা বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন , ‘মাইনাস ওয়ান ফর্মুলা’ বাস্তবায়ন করতে সরকার ‘নীল নকশার পরিকল্পনা’ করছে ।

২৯ জানুয়ারি  বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী।

রিজভী আহমেদ বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশেই খালেদা জিয়া,তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে হাজার হাজার মামলা। এখন মামলাগুলো তাড়াহুড়া করে রায়ের ব্যবস্থা করা হচ্ছে। এসবের আসল উদ্দেশ্য আগামী সংসদ নির্বাচন।

বিএনপির এই নেতা বলেন, জনগণের বুঝতে বাকি নেই যে, আগামী নির্বাচনকে সামনে রেখে দখল ও হরণের নীতি বাস্তবায়ন করতেই মাইনাস ওয়ান ফর্মুলার নীল নকশা এঁটেছেন শেখ হাসিনা।

‘১/১১ থেকে শেখ হাসিনা শিক্ষা নেননি’ মন্তব্য করে রিজভী বলেন, দুঃশাসনের কালো রাত শেষ হয়ে এসেছে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে খালেদা জিয়ার মামলা নিয়ে সরকার কোনো হীন পরিকল্পনা করে থাকলে শেখ হাসিনার সরকার নিজেদের পতন থেকে আত্মরক্ষা করতে পারবে না। এদেশের মানুষ মাইনাস ওয়ান ফর্মুলা বাস্তবায়কারীদের বিরুদ্ধে অনঢ় প্রস্তুতি গ্রহণ করে আছে। খালেদা জিয়া ও তারেক রহমানকে মাইনাস করে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। আর বিএনপিকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।

খালেদা জিয়ার মামলার রায় সম্পর্কে সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌমন্ত্রী শাহজাহান খান, অ্যার্টনি জেনারেল মাহবুবে আলমসহ সরকারি দলের নেতাদের আগাম বক্তব্য আদালত অবমাননার শামিল বলে সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

রিজভী বলেন, ‘আদালতকে প্রভাবিত করে তারা(সরকার) বেগম খালেদা জিয়াকে সাজা দিতে চাচ্ছে। তা না হলে তারা কীভাবে বলেন খালেদা জিয়াকে জেলে যেতে হবে? আদালতের সিদ্ধান্ত তারা জানলেন কী করে? আইন যদি নিজস্ব গতিতে চলে সরকারের মন্ত্রীরা তো রায় জানার কথা নয়। নিশ্চয় তারা কিছু সাজিয়ে রেখেছেন এবং আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার তার অশুভ ইচ্ছা পূরণের প্রচেষ্টা চালাচ্ছেন।’

এ সময় যশোরসহ বিভিন্ন জেলায় দলের নেতাকর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতনসহ গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানান রিজভী।