কালিহাতী সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ও নবগঠিত পারখি ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৫ জুলাই সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিএনপির কোন প্রার্থী না থাকায় একক প্রতিদ্বন্ধিতায় একটিতে আওয়ামী লীগ ও অপরটিতে বিদ্রোহী আওয়ামী লীগ প্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
২৫ জুলাই বুধবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উপজেলার বীরবাসিন্দা এবং পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বীরবাসিন্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছোহরাব আলী নৌকা প্রতিক নিয়ে তিন হাজার ৭৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিম শিকদার আনারস প্রতিক নিয়ে দুই হাজার ৮৭৫ ভোট পেয়েছেন।
অন্যদিকে পারখী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লিয়াকত আলী তালুকদার মোটর সাইকেল প্রতিক নিয়ে তিন হাজার ৫৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজিজুর রহমান তালুকদার নৌকা প্রতিকে দুই হাজার ৮৪৪ ভোট পেয়েছেন।
এছাড়া নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের ৩নং সংরক্ষিত ওয়ার্ডে আলেয়া বেগম তালগাছ প্রতিক নিয়ে এক হাজার ৪০৪ ভোট এবং ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে হিটলার তালুকদার টিউবওয়েল প্রতিক নিয়ে ৬১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম জানান, অত্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে সকালে বৃষ্টিতে ভোটাররা কিছুটা বিড়ম্বনার শিকার হন। নির্বাচনে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
