খালেদা জিয়ার পছন্দের চিকিৎসককে কেবিন প্রবেশে বাধা

একুশে বার্তা রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিএসএমএমইউয়ে (সাবেক পিজি হাসপাতাল) আনা হলেও সেখানে তার পছন্দের কোনো চিকিৎসককেই তাৎক্ষণিকভাবে প্রবেশ করতে দেয়া হয়নি। শনিবার বিকেলে তাকে পুরান ঢাকার কারাগার থেকে বিএসএমএমইউয়ে আনা হয়।
তিনি হাসপাতালে আসার পরপরই তার পছন্দের চিকিৎসকেরা হাসপাতালে তার কেবিনে যেতে চান। কিন্তু পুলিশ তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়নি। কেন তাদেরকে বাধা দেয়া হয়, সে ব্যাপারে পুলিশ কোনো মন্তব্য করেনি।

সন্ধ্যা ৬টায় তার পছন্দের চিকিৎসক দলের একজন কার্ডিওলজিস্ট ডা. মামুনকে দেখা করার অনুমতি দেয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে বিএসএমএমইউয়ের এক চিকিৎসক জানিয়েছেন, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৬টায় ডা. মামুনকে হাসপাতালের কেবিনে খালেদা জিয়ার সাথে সাক্ষাত করার অনুমতি দেয়া হয়।