খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি

একুশে বার্তা প্রতিবেদন : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। শুক্রবার ও শনিবার দেশব্যাপী সব থানা, উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি।

ঘোষিত দুদিনের বিক্ষোভ মিছিল কর্মসূচি সফল করার জন্য সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েল।

গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছর কারাদণ্ড দেয় বিচারিক আদালত। ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকে তিনি পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।