খালেদা জিয়ার সাথে দেখা করতে ৫ আইনজীবী কারাগারে

একুশে বার্তা প্রতিবেদন : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে তার ৫ আইনজীবী কারাগারে গেছেন।  আজ বিকেল সাড়ে তিনটার দিকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে যান সিনিয়র এই আইনজীবীরা।

এদের মধ্যে রয়েছেন, খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, আবদুর রেজাক খান, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা কারগারের ভেতরে অবস্থান করছিলেন।

খালেদা জিয়ার সাথে পরিবারের সদস্যদের সাক্ষাৎ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কারাগারে দেখা করেছেন পরিবারের সদস্যরা।  গত শুক্রবার বিকেলে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে এক সদস্য জানান, বেগম খালেদা জিয়া সুপ্রিম কোর্ট থেকে জামিনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন- বড় বোন সেলিনা ইসলাম, ভাই শামীম ইস্কান্দারের ছেলে অভিক, অন্য এক ভাতিজা হাসান, ভাতিজার শিশুসন্তান, জোবায়দা রহমানের বোন শাহিনা খান জামান ও ডা: মামুন।

প্রসঙ্গত, দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। ওই দিনই তাকে নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তখন থেকেই বেগম খালেদা জিয়া কারাবন্দী রয়েছেন।