ছাত্রলীগের হামলার শিকার ঢাকা মেডিকেলের শিক্ষার্থী

ডেক্স রিপোর্ট : পরীক্ষায় অংশ নিয়ে ফেরার পথে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) এক শিক্ষার্থী ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ৬ আগস্ট  সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জাকারিয়া আশরাফ আসফি ঢাকা মেডিকেল কলেজের কে-৭৩ ব্যাচের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর ২ টার দিকে পরীক্ষা শেষ করে বের হওয়ার সময় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ধরে নিয়ে দুই দফা মারধর করে। তারা তাকে প্রথমবার সন্ধানী রুমে এবং পরে কলেজ হোস্টেলের গেস্ট রুমে নিয়ে বেদম প্রহার করে। এ সময় উপুর্যপরি কিল, ঘুষি, লাথি দেয় তারা। পরে গুরুতর আহতাবস্থায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, ছাত্রদলের সাথে সম্পৃক্ত থাকার কারণে তার ওপর পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে বলে অভিযোগ ঢামেক শাখা ছাত্রদলের। জানতে চাইলে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাদশা বলেন, দুপুরে জাকারিয়া তার নিয়মিত টার্ম পরীক্ষা দিয়ে বের হলে শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা দু’দফা হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। ছাত্রদলের সাথে সম্পৃক্ততার কারণে জাকারিয়ার ওপর ছাত্রলীগ এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বাদশা।

জানতে চাইলে অভিযোগের বিষয়টি অস্বীকার করেন ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রায়হান ইসহাক। তিনি বলেন, এখন একটা ছাত্র আন্দোলন চলতেছে। তাই হিরো হতে এসব অভিযোগ। তবে আমাদের পক্ষ থেকে মারধরের কোনো নির্দেশনা নেই। নয়া দিগন্ত