জিজ্ঞাসাবাদের মুখোমুখি চীনা রাষ্ট্রদূত

একুশে বার্তা ডেক্স : আনুষ্ঠানিক বিদায় ছাড়াই আচমকা ঢাকা ছেড়ে যাওয়া চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াংয়ের বিষয়ে ব্যাপক তথ্যানুসন্ধান করছে বেইজিং। দায়িত্বপালনকালে বাংলাদেশে চীনের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে তার ‘অনিয়মের’ তদন্তও হচ্ছে ।
কূটনৈতিক সূত্রে প্রাপ্ত তথ্য মতে, বেইজিংয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার পর আর ঢাকায় ফেরা হয়নি চীনা দূতের। সেখানেই তাকে আটকে দেয়া হয়। যদিও বেইজিং যাওয়ার আগেই প্রেসিডেন্ট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের বিভিন্ন পর্যায়ে তার বিদায়ী সাক্ষাতের অ্যাপয়েনমেন্ট চাওয়া হয় এবং সে মতে সাক্ষাৎ-সূচিও নির্ধারিত হয়। কিন্তু ততক্ষণে বেইজিংয়ে তিনি জিজ্ঞাসাবাদের মুখে পড়ে যান। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে দফায় দফায় খোঁজা হলেও ‘রাষ্ট্রদূত বেইজিংয়ে জরুরি কাজে আটকা পড়েছেন’ মর্মে নোট পাঠায় চীনা দূতাবাস।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সূচির আগে চার্জ দ্য অ্যাফেয়ার্স সরকারকে জানান- রাষ্ট্রদূত এমন পরিস্থিতিতে আছেন যে তার সঙ্গে যোগাযোগই সম্ভব হচ্ছে না! প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সময় ঘনিয়ে এলেও প্রায় অভিন্ন বার্তা আসে দূতাবাস থেকে।